বৃহস্পতিবার
২৩ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৩৬ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রস্তাবসমূহ উপস্থাপন করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের নিয়োগে দলীয় প্রভাবশালী প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনার কর্মকর্তাদের রাখা যাবে না।
বিএনপির দাবি, ইতোমধ্যে ইসলামী ব্যাংকে সারাদেশে প্রায় ৫ হাজার কর্মকর্তাকে পদত্যাগ বা নিয়োগ বাতিল করা হয়েছে এবং এসব শূন্য পদে দলীয় লোক নিয়োগের চেষ্টা চলছে।
ড. আবদুল মঈন খান বলেন, “আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, আইন-শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিগত নির্বাচনে প্রহসনের নজির ছিল, এবার তা প্রতিরোধ করতে কমিশনকে সতর্ক করেছি।”
বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, ভোটারদের নিরাপত্তা, অবাধ ও নিরপেক্ষ ভোট, প্রার্থীদের স্বচ্ছতা, ভোটকেন্দ্রে নজরদারি, পোস্টাল ব্যালটসহ প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ এবং রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব রোধের বিষয়।
প্রস্তাবনায় আরো বলা হয়েছে, নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা, নির্বাচনী কর্মকর্তাদের বদলি ও দায়িত্ব নিয়ন্ত্রণে কমিশনের ভূমিকা, ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ, অভিযোগ নিরসনের কেন্দ্র স্থাপন এবং ভোট গণনার সঙ্গে সঙ্গে ফলাফল ঘোষণা করা।
বিএনপির দলীয় প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য এসব পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রসঙ্গত, বৈঠকের পর ড. আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, কোনো লিখিত প্রস্তাব এখনও সরাসরি কমিশনে দাখিল করা হয়নি। তবে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ’ শীর্ষক দলিলটি তাদের কাছে উপস্থিত ছিল।