শনিবার
২৫ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে “প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, “অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার মুহূর্তে সঠিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে। তাই প্রত্যেক নাগরিকের প্রাথমিক চিকিৎসা শেখা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সমাজে মানবিকতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।” 
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো’র এএসপি আবু জাফর মো. ওমর ফারুক এবং পার্কভিউ হাসপাতালের চিকিৎসক ডা. মো. সালাউদ্দিন এমএউএইচ চৌধুরী।
ডা. সালাউদ্দিন এমএউএইচ চৌধুরী বলেন, “প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুর্ঘটনা বা সংকটময় মুহূর্তে প্রশিক্ষিত কেউ যদি দ্রুত উদ্যোগ নেয়, তাহলে অনেক সময় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।”
এএসপি আবু জাফর মো. ওমর ফারুক বলেন, “প্রাথমিক চিকিৎসার জ্ঞান শুধু দুর্ঘটনায় নয়, বরং সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠক আনিসুল ইসলাম চৌধুরী।
শফিকুল রহমান স্বপন বলেন, “আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জরুরি সহায়তা দিতে শিখি, তবে দুর্ঘটনা কমবে এবং সমাজ আরও মানবিক হবে।”
ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, “মানবাধিকার রক্ষার প্রথম ধাপই হলো জীবন রক্ষা। এই প্রশিক্ষণ কর্মশালা সেই সচেতনতা তৈরির দারুণ উদ্যোগ।”
রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠক আনিসুল ইসলাম চৌধুরী বলেন, “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণে কাজ করে আসছে। আজকের এই প্রশিক্ষণ শুধু জীবন রক্ষার পাঠ নয়, এটি মানবতার চর্চা। তরুণ প্রজন্মকে এমন কর্মশালায় যুক্ত করা সময়ের দাবি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
তিনি বলেন, “প্রাথমিক চিকিৎসা শেখা মানে জীবন বাঁচানোর দক্ষতা অর্জন করা। আমরা চাই, প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য যেন প্রাথমিক চিকিৎসায় দক্ষ হন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবছার উদ্দিন অলী। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক কামাল পারভেজ এবং “আমাদের আলোতিক সমাজ”-এর চেয়ারম্যান এআর মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসুফ খান, এডভোকেট প্রতাপ পাল, আসিবুর রহমান, আওরঙ্গজেব সম্রাট, মোরশেদ আলম, রোজি চৌধুরী ও সালমা বেগম।
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সামাজিক সংগঠনের ১২০ জন অংশগ্রহণকারী প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, তথ্যবহুল এবং মানবিক মূল্যবোধ বিকাশে অনুপ্রেরণামূলক এক আয়োজন, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।