শনিবার
২৫ অক্টোবর ২০২৫
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলি প্রতিনিধি:: কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে সেতুর রেলিংয়ের ওপর উঠে আটকে যায়। এতে বাসের চালক ও একজন পথচারী গুরুতর আহত হন।
শনিবার বিকেল সোয়া ৪টার দিকে কর্ণফুলীর শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা যাচ্ছিল মাহি এন্ড নাওয়াল নামের যাত্রীবাহী বাস। সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি সেতুর রেলিংয়ের ওপর উঠে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় একজন পথচারী বৃদ্ধ ও বাস চালক গুরুতর আহত হন। স্থানীয় পুলিশ ও পথচারীরা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, চালক ও পথচারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, “এ ঘটনায় দুটি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। মামলা দায়েরের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”