রবিবার
২৬ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন।
রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
তিনি জানান, ওমরাহ পালন শেষে তারেক রহমান লন্ডনে ফিরে যাবেন। এরপর নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফজলে এলাহী। এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন ও সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।
ফজলে এলাহী আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।
এর আগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে ওই বাড়িটি বরাদ্দ দেয়।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি।