রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৭ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না” — আমির খসরু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করা হলেও এতে কোনো বাস্তব উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “এনবিআর এক ভাগ থাকতেও আমলারা চালাতেন, দুই ভাগ হওয়ার পরও তারাই পরিচালনা করছেন। ফলে প্রশাসনিক নিয়ন্ত্রণ না কমালে কোনো সুফল আসবে না।”

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের আর্থসামাজিক বাস্তবতা থেকে প্রশাসনিক নীতিনির্ধারকরা বিচ্ছিন্ন।

“দেশের মানুষ কীভাবে আয় করে, কীভাবে ব্যয় করে, ব্যবসা কীভাবে চালায়—এসব বিষয়ে তাদের কোনো ধারণা নেই,” বলেন তিনি।

তিনি আরও বলেন, করনীতি প্রণয়নের দায়িত্ব যাদের হাতে, তাদের এসব বিষয়ে অভিজ্ঞতা থাকা জরুরি। বাস্তবতা না জানলে নীতি কাগজেই সীমাবদ্ধ থাকে, উন্নয়ন ঘটে না।

দেশি ও বিদেশি বিনিয়োগের পথে প্রধান বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরে আমির খসরু বলেন,

“আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। দায়িত্ব কমিয়ে কাজ বিকেন্দ্রীকরণ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি খাতকে শক্তিশালী করে এই ব্যবস্থা পরিবর্তন করবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, বিএনপি সরকার আমলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে ইউডি ইস্যুর দায়িত্ব বিজিএমইএ-র কাছে হস্তান্তর করেছিল। এতে ঘুষ ও বিলম্ব দুটোই কমেছে।

বিএনপি ক্ষমতায় এলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতকে আরও ক্ষমতায়িত করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্ব বাড়ানো হবে। তা না হলে বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না।”

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন লুটপাটের জায়গা হয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কাকে পরিচালক করা হবে, কীভাবে ভাগ-বাটোয়ারা হবে—এই নিয়েই ব্যস্ত তারা।”

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এ বিভাগ বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার তা আবার সচল করেছে।

“আমরা আবারও বিলুপ্ত করব, যাতে সরকারি ব্যাংক নিয়ন্ত্রণের নামে লুটপাট বন্ধ হয়,” বলেন আমির খসরু।