রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচন ঘনিয়ে আসলে অবৈধ অস্ত্র উদ্ধারও বাড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অবৈধ অস্ত্র উদ্ধার বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এটি চলমান প্রক্রিয়া। “গত পরশুদিনও আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। এ রকম উদ্ধার চলতেই থাকবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, অস্ত্র উদ্ধার আরও বাড়বে। এক সময় দেখবেন যে বাইরে আর কোনো অস্ত্র বা হাতিয়ার থাকবে না,” তিনি বলেন।

তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রসহ, বাকি ১০ জন অস্ত্রবিহীন, যেখানে ছয়জন পুরুষ ও চারজন নারী। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কর্মজীবনের মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

এ উপলক্ষে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে বাহিনীর সদস্যদের ছুটি, ভ্রমণ ও অন্যান্য যাতায়াতজনিত সমস্যা লাঘব হবে। মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে, যার মধ্যে রয়েছে নয়টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, চারটি ৪২ আসন বিশিষ্ট বাস, দুটি ২৪ আসন বিশিষ্ট মিনি বাস এবং দুটি অ্যাম্বুলেন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।