শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, ডিআইজি এহসানউল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। “ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে শুনেছি। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
একাডেমি সূত্রে জানা যায়, ‘ক্রসফায়ার’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এহসানউল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ টিম সারদায় যায়। তবে অভিযানের আগেই তিনি একাডেমি থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্র আরও জানায়, ডিআইজি এহসানউল্লাহ আগেই খবর পান যে তাকে গ্রেপ্তার করতে টিম পৌঁছাচ্ছে। খবর জানার পরপরই তিনি মোটরসাইকেলযোগে দ্রুত একাডেমি ত্যাগ করেন। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি।
বরিশালে দায়িত্ব পালনের সময় এহসানউল্লাহ একাধিক বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ৫ আগস্টের পর মামলা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।