সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০১ নভেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভালো কাজের অপেক্ষায় মিম, নতুন চমক আসছে শিগগিরই

বিনোদন ডেস্ক:: কখনো হ্রদের ধারে নির্জন রিসোর্টে, কখনো পাহাড়ের পাদদেশে সূর্যাস্তের রঙে রাঙা বিকেল—বিদ্যা সিনহা মিম যেন জীবন উদযাপনের আরেক নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভরপুর তার ভ্রমণের ছবি, ফ্যাশন শুট আর দাম্পত্য জীবনের সুখের মুহূর্ত। সনি পোদ্দারের সঙ্গে কিংবা একা—প্রতিটি ফ্রেমেই ফুটে ওঠে তার আত্মবিশ্বাসী উপস্থিতি।

দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজে এখন সাড়ে ছয় মিলিয়নেরও বেশি অনুসারী। প্রায় প্রতি মাসেই কোনো না কোনো গন্তব্যে ছুটি কাটাতে যান মিম, সেই ভ্রমণের ছবি ও রিলসে মাতিয়ে রাখেন অনুরাগীদের। তবে যতই আলো ছড়াক মিমের অফস্ক্রিন জীবন, দর্শকরা এখনো খুঁজছেন তার নতুন সিনেমার খবর।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার অনন্যা চরিত্রে অভিনয় করে মিম অর্জন করেছিলেন অভিনয়ের নতুন উচ্চতা। এরপর এসেছিল ‘দামাল’ ও ‘অন্তর্জাল’, কিন্তু ‘পরাণ’-এর সাফল্যের পর থেকে মিম যেন কিছুটা নীরব। কেন এই নীরবতা?

প্রশ্নের জবাবে মিম বলেন,“ আমি ইচ্ছে করলেই পরাণের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু মানের সঙ্গে আপস করতে চাই না। ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।”

তিনি আরও যোগ করেন, “নিম্নমানের সিনেমা করার চেয়ে না করাই ভালো। দর্শকদের প্রত্যাশা নষ্ট করার কোনো মানে নেই। সিনেমায় সবকিছু আমার মনমতো না হলে আমি কাজ করি না।”

জানা গেছে, গত কয়েক মাসে প্রায় অর্ধ-ডজন চিত্রনাট্য পড়েছেন মিম। এর মধ্যে একাধিক গল্পই তার ভালো লেগেছে, কথা চলছে বেশ কজন নির্মাতার সঙ্গে। ব্যাটে-বলে মিললে শিগগিরই আসতে পারে বড় কোনো ঘোষণা।
চলচ্চিত্রের পাশাপাশি মিম এখন দেশের অন্যতম সফল মডেল।

বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে তার চাহিদা তুঙ্গে। বলা হয়, দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড প্রোমোশনে যুক্ত তিনি। নভেম্বরের শুরুতে তিনি যাচ্ছেন মালদ্বীপে, ‘মার্জার’ নামের একটি পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করতে।

ফেরার পরই হয়তো জানা যাবে, কোন গল্পে ফিরছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তবে অনুরাগীদের জন্য বার্তা একটাই— অপেক্ষা করুন, মিম আসছেন—তার মতো করে, ভালো কিছু নিয়েই।