শনিবার
০১ নভেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। এতে সংগঠনের নেতারা অংশ নেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও বিদেশি কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষায় এবং আন্তর্জাতিক শক্তিগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। তারা বলেন, “অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে সেই চক্রান্ত বাস্তবায়নের পথ সহজ করছে।”
নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি হস্তান্তরের উদ্যোগ নিয়েছিল। অথচ গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান সরকার কেন সেই একই পরিকল্পনা বাস্তবায়ন করছে, তার জবাব দিতে হবে।
তারা দাবি করেন, চট্টগ্রাম বন্দর রক্ষায় নগরবাসী, শ্রমিক, পেশাজীবী ও ছাত্রসমাজ এখন ঐক্যবদ্ধ। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে এ দেশবিরোধী তৎপরতা প্রতিহত করা হবে।
শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, সম্প্রতি বন্দরের ট্যারিফ ৪১ শতাংশ বাড়ানো হয়েছে বিদেশি কোম্পানির মুনাফা নিশ্চিত করার জন্য। তারা বলেন, “চট্টগ্রাম বন্দর বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি লাভ করে। অথচ অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো ন্যায্যতা নেই। দেশের প্রধান বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদ আলম, স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি ইব্রাহিম খাকন, ডক শ্রমিক দলের সেক্রেটারি আখতারউদ্দিন সেলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।