সোমবার
০৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র হালকা বৃষ্টি হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে শুষ্ক।
বুধবার (৫ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এ সময় কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
শুক্রবার (৭ নভেম্বর) সারাদেশে আবহাওয়া থাকবে শুষ্ক এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।