মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই লক্ষ্যেই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলের প্রধানকোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে এসেছে বেশ কিছু চমক, আবার বাদ পড়েছেন কয়েকজন নিয়মিত মুখও।
দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনহো। সৌদি লিগে যাওয়ার পর তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও, আনচেলত্তির চোখে আবারও জায়গা করে নিয়েছেন তিনি। এবার ব্রাজিলের জার্সিতে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় সমর্থকরা।
প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন বাহিয়ার তরুণ ডিফেন্ডার লুসিয়ানো জোবা। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৮ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করে আলোচনায় আসেন এই ডিফেন্ডার।
বার্সেলোনা ছাড়ার পর পালমেইরাসে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভিটর রোকো। তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও সুযোগ পেয়েছেন জাতীয় দলে। ২০২৩ সালে অভিষেকের পর এবারই হতে পারে নিজেকে বড় মঞ্চে প্রমাণের সুযোগ।
তবে দলে নেই নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দেড় মাস ধরে মাঠে ফিরলেও তাকে বিশ্রাম দিয়েছেন আনচেলত্তি। ফলে আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিতে কেমন করে ব্রাজিল, সেটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।
গত মাসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস।
আগামী ১৫ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে সেনেগালের, আর ১৯ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া।
ব্রাজিলের দল এক নজরে
গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিটর রোকো