সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সাফায়াত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে রড বোঝাই লরির ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুরু মিয়া (৬৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিএসআরএমের স্ক্র্যাপ বোঝাই ড্রাম ট্রাকের পেছনে রড বোঝাই লরি ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক নুরু মিয়া আটকা পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি লরি চালক স্টিয়ারিংয়ে আটকা পড়েছে। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।