শনিবার
০৮ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পুরোনো তিক্ততা ভুলে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। যেখানে সব জাতি-ধর্মের মানুষের অধিকার রক্ষা হবে, সবাই সমান মর্যাদায় বাঁচবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে জনগণের ক্ষমতায়নই হবে প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা চাই, পুরোনো অতীত ভুলে গিয়ে, সব তিক্ততা পেছনে ফেলে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।”
বিএনপি মহাসচিব জানান, সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি আমরা শুনেছি। এসব বাস্তবায়ন তখনই সম্ভব, যখন জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।