রবিবার
০৯ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।
রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের ওপর প্রভাব বিস্তার করতে নানা কথা বলে। এসব কথার কিছু সত্য হলেও, এর ফলে জনমনে অযথা শঙ্কা তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “১৬–১৭ বছর পর একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। অনেকেই আগে ভোট দিতে পারেননি, তাই তাদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া সব সময় কেবল বিচারকের ওপর নির্ভর করে না; পুলিশের প্রতিবেদনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে অবশ্যই জামিন পাওয়া উচিত। তবে কেউ জামিন পেয়ে একই অপরাধে লিপ্ত হতে পারে বা আইনশৃঙ্খলা বিনষ্ট করতে পারে— এমন ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন থাকবো।”
তিনি আরও জানান, বিচার ব্যবস্থার উন্নয়নে নানা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। “একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আদালতের মামলার চাপ কমে এবং দ্রুত বিচার নিশ্চিত হয়,” বলেন আসিফ নজরুল।