রবিবার
০৯ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালের সমাবেশে হামলা চালান। পাল্টা হামলায় ইকবালের সমর্থকরা হিরনের মহিলা সমাবেশের মঞ্চে ভাঙচুর চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইকবাল হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। দায়ীদের বিরুদ্ধে দল ও প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করছি।”
এদিকে, শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে।”