সোমবার
১০ নভেম্বর ২০২৫
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


ফটিকছড়ি উপজেলার দাঁতমারা হাসনাবাদ রেঞ্জে গাছ চোরাকারবারিদের হামলায় বন বিভাগের দুই জন আহত হয়েছেন।
অনলাইন ডেস্ক : সোমবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার হাসনাবাদ বিটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেল।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি রিজার্ভ বাগান থেকে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গোপনে মূল্যবান গাছ কেটে পাচার করে আসছিল। সোমবার ভোরে তারা আবারও গাছ কাটতে গেলে রেঞ্জ কর্মকর্তা রাব্বি ও কর্মী সোহেল বাধা দেন। এ সময় চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন, সরকারি বনে বনকর্মীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা।