বুধবার
১২ নভেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান, প্রযোজক ও ব্যবসায়ী এইচএম কবির শাহীন। সোমবার রাজধানীতে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
কবির শাহীন বলেন, তিনি স্বাধীনচেতা মানুষ হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে চান না। মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দেশে ফিরে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান তৈরি করেছেন এবং এখন আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে চান।
ঢাকা-১৭ আসন বেছে নেওয়ার কারণ উল্লেখ করে কবির শাহীন বলেন, দীর্ঘদিন ধরে বনানী ও গুলশান এলাকায় বসবাস করছেন এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তিনি নির্বাচিত হলে নিম্নআয়ের মানুষের জীবনযাপন, বাসস্থান এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।
কবির শাহীন বলেন, “উন্নত এলাকা মানে শুধু দালানকোঠা নয়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করা। আমি মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান দেব।”
তিনি নির্বাচনী প্রতিযোগিতা কঠিন হলেও যোগ্যতা, সততা ও মানুষের সঙ্গে সংযোগই আসল শক্তি হিসেবে উল্লেখ করেছেন। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার পরিকল্পনা প্রকাশ করেছেন এবং লক্ষ্য ব্যক্ত করেছেন মানুষের জন্য কাজ করা ও মানুষের মুখে হাসি ফোটানো।
ঢাকা-১৭ আসনে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকা অন্তর্ভুক্ত।