বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে এ অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধ চলাকালে নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। এছাড়া, দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়। আতঙ্ক সৃষ্টি করতে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান।
জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা নাওডোবা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় ট্রাকে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবরোধের কারণে জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করেন।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকার ধোলাইপাড়ে শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ অবরোধের কারণে কেউ বাস বের করছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে।”
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল বলেন, “সকাল থেকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। পুলিশ সরানোর চেষ্টা করলে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে আটকে থাকা যানবাহন পারাপারে পুলিশ সহায়তা করেছে। তবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল এখনও বন্ধ।”