রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৪ নভেম্বর ২০২৫

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে’—বিক্ষোভে ফুঁসে উঠল সুন্নী জোট

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সুন্নী জোট।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌরসদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন। সুন্নী জোট বোয়ালখালী জোনের ব্যানারে আয়োজিত মিছিলটি গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স.ম. এনামুল হক, সেক্রেটারি আখতার হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম. জসিম উদ্দিন, পৌর শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, উপজেলা যুবসেনার সভাপতি এস.কে.এম. জাহাঙ্গীর আলম, পৌরসভা শাখার সভাপতি মাওলানা ফোরকান কাদেরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, “ষড়যন্ত্রমূলকভাবে একজন নিরপরাধ আলেমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক। অনতিবিলম্বে মাওলানা আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে সুন্নী জনতা সকল কুচক্রী মহলের চক্রান্ত প্রতিহত করতে মাঠে থাকবে।”

প্রসঙ্গত, গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে অস্ত্র ও ককটেলসহ আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওইদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসলামী ফ্রন্টের স্থানীয় নেতারা জানান, আবু নাছের জিলানী আওয়ামী রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।