শনিবার
১৫ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে জামায়াতে ইসলামী মাত্র ৫–৬ শতাংশ ভোট পায় দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাতারাতি ৫১ শতাংশ হয়ে যাবে—এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ তারা আপনাদের বিশ্বাস করে না।”
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দেশের মানুষ ধর্মপ্রিয় হলেও তারা ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িকও নয়। তিনি অভিযোগ করেন, পাকিস্তান আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াত ভুল ভূমিকা নিয়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল। তিনি বলেন, “আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলতে দ্বিধা করি না—গণহত্যায় আপনাদের ভূমিকা ছিল।”
পানি সংকট নিয়ে তিনি বলেন, ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে কৃষকদের ফসল বাঁচানো হবে।
ভারত গোপনে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে দাবি করে তিনি বলেন, নদী রক্ষায় বিএনপি ক্ষমতায় এলে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে এবং ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।