শনিবার
১৫ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী-শ্রমিক মিলিয়ে অন্তত ৬০ জন আহত হন এবং অর্ধশতাধিক বাস ভাঙচুর হয়েছে বলে দাবি করেছে শ্রমিকপক্ষ।
প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার পর রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, মুলাদী থেকে বরিশাল আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া চাইলে তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা নথুল্লাবাদ টার্মিনালে জড়ো হয়ে বিচার দাবি জানালে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। শ্রমিকরা তাদের সহপাঠীকে লাঞ্ছিত করায় তারা প্রতিবাদে নেমেছেন। এতে ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তারা।
তবে শ্রমিকরা অভিযোগ অস্বীকার করে পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, শিক্ষার্থীর সঙ্গে ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে কয়েকশ শিক্ষার্থী বাসস্ট্যান্ডে হামলা চালায় এবং দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। এতে ১৫-২০ শ্রমিক গুরুতর আহত হন।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।