শনিবার
১৫ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় সব উদ্যোগই নেবে বিএনপি। মেগা প্রজেক্টের পরিবর্তে স্কিল ডেভেলপমেন্টে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনাও তাদের রয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে হলে পুরোনো অর্থনৈতিক মডেল থেকে বেরিয়ে আসতে হবে। এমন একটি মডেলে যেতে হবে যেখানে প্রতিটি নাগরিক সুফল পাবে, কোনো গোষ্ঠীর কাছে অর্থনীতি জিম্মি থাকবে না।”
তিনি আরও বলেন, সবকিছু সরকারের করার প্রয়োজন নেই; বরং প্রাইভেট সেক্টরের পরিধি বাড়াতে হবে। বেসরকারি খাতের সক্ষমতা ও অবদান বাড়িয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসময় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএনপি নেতা জহিরুল হক শাহজাদা মিয়া, চৌধুরী ফারিয়ান ইউসুফসহ ফরিদপুর, শরিয়তপুর, রাজবাড়ী ও মাদারীপুরের ব্যবসায়ী নেতারা।