সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৯ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সেনাবাহিনীরও—ইঙ্গিত প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তার মধ্যে সনদ তুলে দেন।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি।”

এ সময় তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার ভাষায়, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া দেশি-বিদেশি সামরিক কর্মকর্তারা বলেন, ডিএসসিএসসির এই উচ্চমানের সামরিক শিক্ষা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব, কৌশলগত চিন্তা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বা আন্তর্জাতিক যেকোনো সংকটে এই প্রশিক্ষণ তাদের কার্যকরভাবে সহায়তা করবে বলেও তারা মন্তব্য করেন।

এক বাংলাদেশি অফিসার বলেন, এই কোর্সে অর্জিত নেতৃত্ব ও কৌশলগত জ্ঞান জাতীয় নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায়ও কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে।

চীন থেকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে এবং ২৩টি দেশের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

বাংলাদেশি আরেক অফিসার প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা প্রয়োজনে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনীর সদস্য হিসেবে সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।