রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৯ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভারতের এনএসএ দোভালের সঙ্গে বাংলাদেশের খলিলুর রহমানের বৈঠক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) কার্যক্রমসহ দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এসময় ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সিএসসির সপ্তম সম্মেলনে যোগ দিতে বুধবার দিল্লি যাওয়ার কথা থাকলেও সূচি পরিবর্তন করে তিনি একদিন আগেই মঙ্গলবার পৌঁছান। এই পরিবর্তন কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সপ্তম সিএসসি এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি কোনো উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর। এর আগে গত ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ অংশ নিতে দিল্লি যান জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়।

পরে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাৎ কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা জোরদার করে।