বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাসের দারুণ দুই সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের ঘূর্ণিতে অলআউট হওয়ার আগে ৪৭৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
প্রথম দিনের সাবধানী শুরুর ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় দিনে ব্যাটিং আক্রমণে নেতৃত্ব দেন মুশফিক ও লিটন। নিজের শততম টেস্টে ২১৪ বলে ১০৬ রানের ধ্রুপদী ইনিংস খেলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন তিনি। হাম্প্রিজের বলে বালবিরনির হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার স্মরণীয় ইনিংস।
অন্যপ্রান্তে দারুন টাইমিং ও শট নির্বাচনে চোখধাঁধানো ব্যাটিং উপহার দেন লিটন দাস। ১৯২ বলে ১২৮ রানের ঝলমলে ইনিংসে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নেন তিনি।
ইনিংসের শুরুতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৩৪) ও সাদমান ইসলাম (৩৫) স্বস্তির শুরু এনে দেন। পরে মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৮ বলে ৬৩ রান করেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিনি আউট হন দলীয় ২০২ রানে।
মুশফিক-লিটনের বিদায়ের পর ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। ফিফটি থেকে মাত্র তিন রান দূরে থাকতে ৪৭ রানে থামেন তিনি। শেষ দিকে ইবাদত হোসেন ১৮ ও হাসান মুরাদ ১১ রান যোগ করলে ৪৭৬ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
বাংলাদেশের বড় রানের মাঝেও বল হাতে সেরা ছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। একাই ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বিপর্যয় ঘটান তিনি। পাশাপাশি হাম্প্রিজ ও গ্রাহাম হিউম নেন দুটি করে উইকেট।