শুক্রবার
২১ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভূমিকম্পে হতাহতের সংখ্যা প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, ভূমিকম্পে আহতদের বেশিরভাগই ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, নরসিংদী থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে।
এছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
নূরজাহান বেগম বলেন, “আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়—সে বিষয়ে সব সরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে।”