মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৩ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘ক্ষমা চাইতে হবে’—শাহাজাহানের মন্তব্যে মহানগর বিএনপির কঠোর অবস্থান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সাতকানিয়া–লোহাগাড়া এলাকার জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীর সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি

রোববার (২৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জামায়াত আমিরের উপস্থিতিতে দেওয়া শাহাজাহান চৌধুরীর মন্তব্য “রাজনৈতিক শালীনতাবিরোধী, ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক।”

নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণের ইঙ্গিতদায়ী বক্তব্য বর্তমান নির্বাচন পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তাদের মতে, এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক নীতি, নির্বাচনী আচরণ এবং রাজনৈতিক সৌজন্যের বিরুদ্ধে যায়। এতে দেশে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, শাহাজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করার উসকানিমূলক প্রয়াস। এটি জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপের অপচেষ্টা এবং কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। নেতারা বলেন, তার উচিত বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাওয়া।

চট্টগ্রাম মহানগর বিএনপি প্রশাসনের প্রতি আহ্বান জানায়—গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও জননিরাপত্তা বিভ্রান্ত করার অভিযোগে দ্রুততার সঙ্গে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিএনপি নেতারা বলেন, গণতন্ত্রবিরোধী অপচেষ্টা প্রতিহত করতে সচেতন নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখতে হবে। সংগঠনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ‘আপসহীন অবস্থানে’ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।