রবিবার
২৩ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা বা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম‘।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা নীতিগতভাবে হবে। ক্ষমতার জন্য বা আসনের জন্য আমরা কারও সঙ্গে সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, তবুও জাতীয় নাগরিক পার্টির আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে।”
সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণায় অংশ নেয়ার সময় এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকি পাচ্ছেন। এমনকি পরিবারের সদস্যদেরও মারধরের হুমকির ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখতে চাচ্ছে, যা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি প্রশাসনে পরিবর্তন আনার দাবি জানান।
প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সৎ প্রার্থী দিচ্ছি, এটি বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।” এছাড়া তিনি বলেন, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়ার প্রয়োজন রয়েছে এবং এনসিপি সংসদে গেলে সংস্কার বাস্তবায়নে কাজ করবে।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলটি কাজ করছে।
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন মোট ১,৪৮৪ জন। রবিবার ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।