রবিবার
২৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে।” রোববার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করলেও দিনভর আলোচনায় ছিল মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত–অনুরাগীদের ওপর হামলার ঘটনা। ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকদের ওপর ওই হামলা হয়।
স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, “পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করছে, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবে।”
তথ্য উপদেষ্টা সতর্ক করে বলেন, “সমাজে-রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করা হলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।”
স্ট্যাটাসের শেষে তিনি আহ্বান জানান— “তাসাউফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীর ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।”