সোমবার
২৪ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্ত বদলাতে পারে এবং ভবিষ্যতে পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভারতে ফিরে আসাও অসম্ভব নয়। রোববার (২৩ নভেম্বর) দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলন’-এ দেওয়া এমন বক্তব্য ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।
তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগে সিন্ধু অঞ্চল পাকিস্তানে গেলেও সিন্ধি হিন্দুরা—বিশেষ করে লাল কৃষ্ণ আদভানির প্রজন্ম—এ বিচ্ছিন্নতা কখনোই মেনে নিতে পারেননি। রাজনাথ দাবি করেন, সভ্যতা বিবেচনায় সিন্ধু সবসময়ই ভারতের অংশ।
রাজনাথ বলেন, “ভূমির কথা বললে সীমান্ত তো বদলাতেই পারে। কে জানে, আগামীকাল হয়তো সিন্ধু আবারও ভারতে ফিরেও আসতে পারে।”
তার এই বক্তব্যকে ‘অসত্য, উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক উত্তপ্ত করতে চাইছে ভারতীয় মন্ত্রীরা।
অন্যদিকে, পাকিস্তানে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘জয় সিন্ধ মুত্তাহিদা মাহাজ’-এর নেতা শাফি বুরফাত রাজনাথের মন্তব্যকে “ঐতিহাসিক ও প্রেরণাদায়ী” হিসেবে স্বাগত জানিয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বরে রাজনাথ বলেছিলেন, পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ‘স্বয়ংক্রিয়ভাবেই’ ভারতের কাছে ফিরে আসবে—যা নিয়েও তীব্র আলোচনার জন্ম হয়েছিল।