বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, কোনো শক্তি বা বাধাই আসন্ন জাতীয় নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন, আর সেই নির্বাচন হবেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। স্বাধীনতাবিরোধীরা নির্বাচন ঠেকাতে বহু চেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে। কিন্তু কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে।”
তারেক রহমানকে দেশের প্রতি নিবেদিতপ্রাণ উল্লেখ করে আমান বলেন, “‘দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ’—এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন। তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।”
তিনি আরও জানান, আগামীতে সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের যে ধারণা তারেক রহমান দিয়েছেন, তা তাঁর উদার মানসিকতার প্রতিফলন।