রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩০ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আদালত এলাকায় দুর্বৃত্তের হামলা—গুলিবিদ্ধ দুজনের মৃত্যু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে দুই ব্যক্তিকে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা ছিল এবং তাঁরা স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। ঠিক সেই সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি তাঁর ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছিল, সেই মামলাতেই হাজিরা দিতে আদালতে এসেছিলেন তিনি।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য পরে জানানো হবে।”