মঙ্গলবার
০২ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গুরুত্বপূর্ণ গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের দিনই জনগণের সামনে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ–ভিত্তিক সাংবিধানিক সংস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটাররা জানতে চাওয়া হবে—তারা কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সনদে উল্লিখিত সংবিধান সংশোধনের প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দিচ্ছেন কি না।
গণভোটের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনসহ সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার মতো বড় পরিবর্তনে নাগরিকদের মতামত নেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষ হবে ১০০ সদস্যের এবং দলগুলোর প্রাপ্ত জাতীয় ভোটের অনুপাতে এই কক্ষ গঠিত হবে। ভবিষ্যতে সংবিধান সংশোধনের ক্ষেত্রেও উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বাধ্যতামূলক হবে।
জুলাই জাতীয় সনদে বর্ণিত মোট ৩০টি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিও গণভোটে জাতির সামনে উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে—সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার সুরক্ষা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা সংস্কারসহ আরও বেশ কিছু বিষয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন দেশের গণতান্ত্রিক ভবিষ্যত ও সাংবিধানিক কাঠামো পুনর্গঠনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।