সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, কয়েকজন আহত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর কাকরাইল মোড়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী লালদিয়া–পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১:৩০ থেকে ১২টা পর্যন্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করলে তারা কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হন। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ।

যারা কর্মসূচি দিয়েছেন, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হয়েছে। তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। এটাকে লাঠিপেটা বলা যাবে না।”

অন্যদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিনসহ কয়েকজন আহত হয়েছেন।”

পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পুলিশি হামলার প্রতিবাদে বাসদ আগামী শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। আজ বেলা ১:১০ মিনিটে এই ঘোষণা দেওয়ার পর বিক্ষোভকারীরা কাকরাইল মোড় ছেড়ে মিছিল নিয়ে প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ করেন।