সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিমানে যাত্রী নিতে বেরিয়ে আর ফেরা হল না—দুর্ঘটনায় চালক নিহত

বাবলু দাশ, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে পিকআপ–হাইস মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার (২৬) নামে এক হাইস চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরমুখী হাইসটির সাথে নাজিরহাটমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে হাইস চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে চালক কাওসার মারা যান। আহত অন্যরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে, বিস্তারিত পরে জানানো হবে।