বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৬ ডিসেম্বর ২০২৫

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শুধু চিকিৎসা অনুমতির অপেক্ষা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি দলের পক্ষ থেকে রাখা হয়েছে। তবে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের পরামর্শ ও বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ওপর।

শনিবার (৬ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। পাশাপাশি মেডিক্যাল বোর্ড ও সিনিয়র চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ডা. জাহিদ জানান, কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসতে পারেনি। তবে অ্যাম্বুলেন্স এলেও সেই সময় বেগম খালেদা জিয়া বিমানে ওঠার উপযোগী ছিলেন না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। বর্তমানে চিকিৎসা বিদেশে নেওয়ার সময় নির্ধারণ করবে মেডিক্যাল বোর্ড। “যখন বোর্ড সম্মতি দেবে, তখনই বিদেশে নেওয়া হবে। আমাদের সমস্ত প্রস্তুতি রয়েছে,” বলেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি।