রবিবার
০৭ ডিসেম্বর ২০২৫
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এ মডেল বাতিলের দাবিতে আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করে ঢাকার পাঁচ কলেজের শিক্ষার্থীরা।
বেলা ১১টার পর প্রথমে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে যুক্ত হয়ে শাহবাগের গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে বসেন।
অবরোধের ফলে শাহবাগ মোড় থেকে বিজ্ঞান ল্যাব, টিএসসি ও মতিঝিলমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, স্কুলিং মডেলের খসড়া শিক্ষাব্যবস্থায় অস্পষ্টতা তৈরি করবে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পর্যন্ত শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, বিকল্প পথে যানবাহন চলাচল করছে।