বুধবার
১০ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ২০ শতাংশ ভাতা বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে তারা দলবদ্ধভাবে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে শুরু করেন।
বিকেল ৫টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী হ্যান্ড মাইক নিয়ে নিজেদের দাবি উপস্থাপন করছেন এবং অন্যান্য সহকর্মীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় অর্থ মন্ত্রণালয় এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, “ভাতা অনুমোদনের সরকারি আদেশ (জিও) ছাড়া সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। দাবি আজই মানতে হবে।”
তাদের অভিযোগ, অতীতে রেশন ভাতার দাবিতে অবরোধের সময় অর্থ উপদেষ্টা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত মহার্ঘ ভাতাও বাস্তবায়ন হয়নি। নতুন পে-কমিশন কার্যকর করার সম্ভাবনাও অর্থ উপদেষ্টা নাকচ করে দিয়েছেন বলেই দাবি তাদের। এসব ক্ষোভ থেকেই এবার আবারও অবরোধে নেমেছেন কর্মচারীরা।
জানা গেছে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি চলছে। পরিস্থিতি উত্তপ্ত, দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।