রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘একদল আওয়ামী লীগকে খুশি রাখতে ব্যস্ত’—সালাহউদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোট পাওয়ার আশায় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি দল এখন দাবি করছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা মাঝে মাঝে প্রশ্ন করি—সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল? কিছুদিন পর হয়তো বলবেন, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছে, আমরা করিনি।” তিনি আরও বলেন, ভোটের মাঠে এমন অনেক বক্তব্যই শোনা যাবে, তবে দেশের জনগণ এখন সচেতন; ধর্মের অপব্যবহার করে আর ভোট চাওয়া যাবে না।

আওয়ামী লীগের সমালোচনায় তিনি বলেন, “যারা নিজের দেশের নাগরিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী-শিশু নির্বিশেষে গণহত্যা চালিয়েছে—এই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

সাম্প্রতিক সময়ে বিএনপি প্রকাশিত অর্থনীতি সংক্রান্ত ‘শ্বেতপত্র’ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের ‘তছরুপ’ এত বড় যে, সেই অর্থ দিয়ে দুইটি শিক্ষা বাজেট, তিনটি স্বাস্থ্য বাজেট করা সম্ভব হতো। ব্যাংক ও নন-ব্যাংকিং সেক্টরে রাজনৈতিক বিবেচনায় দেওয়া ঋণ লুটপাটের ঘটনার কথাও তুলে ধরে তিনি দাবি করেন, এসব অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রো রেল সিস্টেম নির্মাণ করা যেত।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাত থেকে অর্থ পাচার ও লুটপাটের পরিমাণ প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা।

নির্বাচনী তফসিল প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের উত্তরণের জন্য গতকাল যে ঘোষণাটি দেওয়া হয়েছে, সেটিই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনী তফসিল।”

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “কেউ বলছে নো পিআর, নো ইলেকশন; কেউ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন মানবে না; আবার কেউ বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে মানবে না। এরা গণতন্ত্রের বিপক্ষে। নিজেদের মতো করে গণতন্ত্র চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।