সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৫ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হোক জাতি—প্রধান উপদেষ্টার বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষে বলেছেন, এবারের ১৬ ডিসেম্বর হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথ রক্ষার শপথ নেওয়ার দিন এই দিন।

তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অর্জিত স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার মানে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মদান আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনতার সূর্য বারবার স্বৈরাচার ও অপশাসনে ম্লান হয়েছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দূর হয়ে ন্যায়বিচার, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। সর্বশেষ তিনি সকলকে আহ্বান জানান, নতুন প্রজন্মের জন্য শান্তি ও সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে চলার।