রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নয়াদিল্লির তলব, ঢাকার নজর—দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয় বলে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশমুখে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বহনকারী গাড়ি ঢুকতে দেখা যায়। এ সংক্রান্ত ছবি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। এর আগে গত সোমবার বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল।

তবে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সুনির্দিষ্ট কারণ কিংবা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই এ তলবকে দেখা হচ্ছে। বিশ্লেষকরাও একে দুই দেশের নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন।

বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।