সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মৃত্যু—আহত দুই

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: মীরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও তার সহকারী।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি ট্রাকটির কেবিনে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত দুজন হলেন—ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও তার সহকারী এমরান হোসেন (১৭)। তাদের দুজনেরই বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়। সংঘর্ষের পর ট্রাকের কেবিনে তারা আটকে পড়েন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনে আটকে পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত শামসুল আলমের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।