সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলি নদীতে অভিযান — ৭৫ হাজার টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশের যৌথ উদ্যোগে হালদা মোহনা ও কর্ণফুলি নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি চরঘেরা জাল (দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার) এবং তিনটি ভাসা জাল (সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার) জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, হালদা অস্থায়ী নৌ পুলিশের প্রধান এসআই রমজান আলী ও সোহেল রানা। এছাড়া বোয়ালখালী মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর মোহনা, কালুরঘাট ও কধুরখীল এলাকার নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা জালগুলোর বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত সব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। হালদা নদীর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানান তিনি।