রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৯ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে উত্তেজনা — শাহবাগ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরের দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জনরোষকে পুঁজি করে কোনো পক্ষ যাতে নাশকতা বা সহিংসতা ছড়াতে না পারে—সে লক্ষ্যেই কৌশলগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শাহবাগের কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। একই সঙ্গে আন্দোলনকারী ও সাধারণ জনগণকে যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম তার বার্তায় উল্লেখ করেন, গতকালের ঘটনার মতো আজও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা রয়েছে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শক্তিগুলোর। তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি যেকোনো ধরনের সহিংসতা ও হঠকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়।

এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গত রাত থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ এবং রাজশাহীতে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

এছাড়া রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব পরিস্থিতির প্রেক্ষিতে নতুন করে অস্থিতিশীলতা এড়াতে মাঠপর্যায়ের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।