সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান—২৫ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তিনি সম্প্রতি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি সেই ট্রাভেল পাস পেয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় এক মাসের চিকিৎসা শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা আল্লাহর রহমতে স্থিতিশীল রয়েছে। শুক্রবার তাকে একটি ছোট চিকিৎসা–প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়েছে, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

ডা. জাহিদ আরও জানান, বর্তমানে খালেদা জিয়া সিসিইউ সুবিধাসংবলিত একটি কেবিনে চিকিৎসাধীন আছেন এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আরও সুস্থতার পথে এগিয়ে নিয়ে যান।”

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, আগের অবস্থার তুলনায় বেগম খালেদা জিয়া বর্তমানে অনেকটাই স্থিতিশীল এবং সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের এই দুই গুরুত্বপূর্ণ খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।