সোমবার
২২ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কমবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চাই। সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন ভয় কেটে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা আত্মবিশ্বাসী। আমরা হাল ছাড়িনি, এগিয়ে যাব—ইনশাআল্লাহ।”
নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। “ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ আয়োজনও সেই ভোট উৎসবের অংশ,” বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।
সিইসি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। “আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এটি আরও উন্নত হবে,” বলেন তিনি।
পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উদ্ভূত সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে।
এ সময় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, ডাক বিভাগের সচিব ও মহাপরিচালক উপস্থিত ছিলেন।