রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন—ভোটারদের প্রতি ড. ইউনূস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মালিক জনগণ—আগামী পাঁচ বছর দেশ কে পরিচালনা করবে, সে সিদ্ধান্ত ভোটারদের হাতেই।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনি দেশের মালিক। এ দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে, সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।”

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ভোটাধিকার কারও দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে।

তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।”

ভয়হীন ও মুক্ত পরিবেশে ভোট নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা—থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

‘ভোটের গাড়ি’ কর্মসূচি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এটি কেবল একটি গাড়ি নয়, বরং গণতন্ত্রের বার্তা বহনকারী এক সুপার ক্যারাভান। “এটি মানুষকে মনে করিয়ে দেবে—নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে,” বলেন তিনি।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটারদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ প্রস্তুত করা হয়েছে। জনগণ সমর্থন দিলে এটি দেশের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সনদের পক্ষে থাকলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট—এই দুই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান।

তিনি জানান, এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

গণতান্ত্রিক এই যাত্রাকে সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।