রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কূটনৈতিক উত্তেজনার মধ্যে—ভারতীয়দের ভিসা সেবা স্থগিত বাংলাদেশের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রাখা হবে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে। এ সময়ের মধ্যে রাজনৈতিক আশ্রয়, নিরাপত্তা ও কূটনৈতিক আচরণ নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটে। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ওই সময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গেছে—এমন সন্দেহ থেকেই বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন।

এর পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। এ সময় দূতাবাস প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে প্রতিবাদ জানায়। এর জবাবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারত সরকার।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিতের সিদ্ধান্ত নিল।

দূতাবাস সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা সেবা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।