সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

যুক্তরাজ্য থেকে স্বদেশে প্রত্যাবর্তন—আজ রাতেই ঢাকার পথে তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘদিন পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। গত ১৬ ডিসেম্বর লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দল ও দেশের সম্মান রক্ষায় কেউ যেন বিমানবন্দরে না যান।

এদিকে তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তারেক রহমান। সেখানেই অনুষ্ঠিত হবে গণসংবর্ধনা।

সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপি নেতারা আশা করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই গণসংবর্ধনা অতীতের সব রাজনৈতিক আয়োজনকে ছাড়িয়ে যাবে।

২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।