সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৭ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারাল বাস— এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, বাসচালকের অসতর্কতা ও ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।